Photo Credit: Pixabay

এশিয়ান ক্রেতাদের জন্য মে মাসে ইরানের জ্বালানী  তেল বিক্রির  দাম বাড়ছে

বিশ্বব্যাপী জ্বালানী তেলের দাম বৃদ্ধির মধ্যে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানী (এনআইওসি)মে মাসে এশিয়ান ক্রেতাদের জন্য তার অপরিশোধিত তেল বিক্রির মূল্য (ওএসপি) বৃদ্ধি করেছে।

ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানী (এনআইওসি)এর বরাত দিয়ে ইরানের পেট্রো এনার্জি ইনফরমেশন নেটওয়ার্ক জানায়, এনআইওসি-র সরকারী বিক্রয়মূল্য হালকা, ভারী এবং ফোরজান নামে ইরানি জ্বালানী তেলের তিনটি গ্রেডকে প্রভাবিত করেছে।

এনআইওসি এশিয়ার জন্য ইরানী হালকা গ্রেডের জ্বালানী তেল-এর মুল্য ব্যারেল প্রতি ৯.২০ ডলার বৃদ্ধি করেছে, যা ওমান ও দুবাই-এর গড় মুল্যের চেয়ে উপরে।অন্যদিকে ইরানী ভারী ও ফোরজান গ্রেডের জ্বালানী তেল-এর মুল্য ব্যারেল প্রতি যথাক্রমে ৭.৯৫ এবং ৮.০৫ ডলার নির্ধারন করা হয়েছে, যা ওমান ও দুবাই-এর গড় মুল্যের চেয়েও বেশী।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির পর এই দাম ঘোষণা করা হয়েছে, যা বিশ্বজুড়ে করোনাভাইরাসের বিধিনিষেধ শিথিল করার পাশাপাশি ইউক্রেনে একটি সামরিক সংঘাতের কারণে ঘটেছে।

ইরান সরকার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জ্বালালী তেল-এর মুল্য বৃদ্ধির অনুরূপ পদক্ষেপ অনুসরণ করে, সৌদি আরবের আরামকোও এশিয়ান ক্রেতাদের জন্য তার হালকা গ্রেডের অপরিশোধিত তেলের মুল্য মে মাস থেকে বৃদ্ধি করেছে।

এর আগে গত ফেব্রুয়ারির শুরুতে ইরানের তেলমন্ত্রী জাভেদ ওজি বলেছিলেন, বৈশ্বিক তেল বাজারে বর্তমান চাহিদা মেটাতে ও ভারসাম্য বজায় রাখতে ইরানের অপরিশোধিত তেল সরবরাহ প্রয়োজন।

২৫তম ওপেক এবং নন-ওপেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে ইরানের তেলমন্ত্রী জাভেদ ওজি বলেন, "যদি বিশ্বের তেল ভোক্তা দেশ বর্তমান তেলের দাম এবং সরবরাহের মাত্রা নিয়ে অসন্তুষ্ট হন, আমি ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাগুলি দ্রুত প্রত্যাহারের পরামর্শ দিচ্ছি।"

তিনি আরও বলেন, "বিশ্ব বাজারে ইরানের তেল সরবরাহ বৃদ্ধি প্রয়োজন এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিশ্ব বাজারে আমাদের তেল সরবরাহ বাড়াতে প্রস্তুত।